প্লে স্টোর থেকে বাদ পড়লো ভারতের ‘টিকটক’

২ জুন, ২০২০ ১৭:৫৬  
গত ১১ এপ্রিল উন্মোচিত হয়ে ভারতের টিকটক হিসেবে খ্যাত ‘মিত্রো’ অ্যাপ। এক মাসেরও কম সময়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ৫০ লাখের অধিকবার ডাউনলোড হয়েছে। তবে নিরাপত্তা ত্রুটির কারণে সেটি প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল। খবর এইসময়। টিকটকের বিকল্প হিসেবে স্বদেশে বেশ সাড়া ফেলেছিলো মিত্রো অ্যাপ। মাত্র ২৬০০ টাকায় পাকিস্থানী সফটওয়্যার কোম্পানি কিউবস্কাস থেকে মিত্রো অ্যাপ তৈরির জন্য সোর্স কোড কিনেছিলো ডেভেলপার প্রতিষ্ঠান। তবে সোর্স কোড ব্যবহারের পর যে বিশেষ পরিবর্তনগুলো প্রয়োজন সেটি করেনি তারা। অ্যাপটিতে কোনো ফায়ারওয়াল কিংবা সফটওয়্যার সিকিউরিটি নিশ্চিত করা হয়নি। প্রাইভেসি পলিসি ছিলো খুব দুর্বল। ফলে ব্যবহারকারীদের ডেটা সহজেই ফাঁস হয়ে যাওয়ার বা হ্যাক হবার সম্ভাবনা ছিলো। তবে এমন ঘটনা ঘটার আগেই সাইবার বিশেষজ্ঞদের নজরে পড়েছে বিষয়টি। যার ফলশ্রুতিতে গুগল তাদের প্লে স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে ফেলেছে। যারা ইতিমধ্যেই অ্যাপটি ইনস্টল করেছেন তারা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তবে বিশেষজ্ঞরা এখনই সেটি আনইনস্টল করার পরামর্শ দিচ্ছেন। ডিবিটেক/বিএমটি